ইউপিডিএফের যুবনেতাকে বাড়ি ঘেরাও করে হত্যা, ২ নারী গুলিবিদ্ধ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:৫৯ এএম আপডেট: ১৭.০৪.২০২৬ ১০:৩২ এএম (ভিজিট : ২৭)

রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ-এর সহযোগী সংগঠন ‘যুবফোরাম’-এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ধর্মশিং চাকমা (৪২) নিহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে দুই নারী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, সকালে একদল সশস্ত্র সন্ত্রাসী কুতুকছড়ি আবাসিক এলাকায় ধর্মশিং চাকমার বাড়ি ঘেরাও করে। সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে ধর্মশিং প্রাণভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি বর্ষণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হামলার সময় বাড়িতে থাকা আরও দুই নারী সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হন স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
রাঙামাটি কোতোয়ালী থানা পুলিশ জানায়, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ডেল্টা টাইমস/সিআর/এমই