আট তলা থেকে লিফটের গর্তে ফেলে হত্যা, গ্রেপ্তার ৪
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:০৩ পিএম (ভিজিট : ৩৮)

সংগৃহীত ছবি
চট্টগ্রামে বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র আশফাক কবির সাজিদকে (১৭) নির্মাণাধীন ভবনের আট তলা থেকে লিফটের গর্তে ফেলে হত্যার ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) ও বৃহস্পতিবার (১৬ এপ্রিল) একাধিক অভিযান চালিয়ে বিভিন্ন সময় তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে রোববার (১২ এপ্রিল) রাতে চকবাজার থানার ডিসি রোড এলাকার মৌসুমি আবাসিকের একটি নির্মাণাধীন ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আশফাকের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। এ ঘটনায় নিহতের বাবা আবুল হাশেম সিকদার বাদী হয়ে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) চকবাজার থানায় সাতজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে আশফাককে তার বন্ধু ফারদিন হাসান মুঠোফোনে কল দিয়ে ডেকে নেন। সেখানে আইমন, অনিক, রানা মাইকেল, ইলিয়াস, এনায়েত উল্লাহ ও মিসকাতুল কায়েসসহ একদল তরুণ তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে নিয়ে যান।
তরুণদের হাত থেকে বাঁচতে আশফাক একটি নির্মাণাধীন ভবনে ঢুকে ভেতর থেকে গেট বন্ধ করে দৌড়ে আট তলায় উঠে যান। কিন্তু হামলাকারীরা গেটে ধাক্কা দিলে নিরাপত্তাকর্মী এনামুল হক তা খুলে দেন। পরে তারা ওপরতলায় উঠে আশফাককে মারধর করে আট তলা থেকে লিফটের ফাঁকা স্থানে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মামলা দায়েরের পর থেকেই আসামিদের ধরতে মাঠে নামে পুলিশ। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, এর আগে ভবনটির নিরাপত্তাকর্মী এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছিল। পরে বুধবার ও বৃহস্পতিবার পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করে। এ নিয়ে মামলাটিতে মোট চারজনকে গ্রেপ্তার করা হলো।
হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে নিহত আশফাকের বাবা আবুল হাশেম সিকদার দ্রুত তদন্ত শেষ করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ডেল্টা টাইমস্/আইইউ